বইমেলায় আপনারা নেই কেন

শামসুজ্জামান খানের হাসিমুখটা মনে পড়ে! আর মনে পড়ে তাঁর উক্তি, প্লেইন লিভিং হাই থিংকিং। এই কথা তিনি বলেছিলেন তাঁর চারিগ্রাম সিঙ্গাইর মানিকগঞ্জ এস এ খান স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে...আগেকার দিনে শিক্ষিত মানুষের আদর্শ ছিল, জীবনদর্শন ছিল প্লেইন লিভিং অ্যান্ড হাই থিংকিং। ওই অনুষ্ঠানে শামসুজ্জামান খান স্যার অতিথি করে নিয়ে গিয়েছিলেন আমাদেরসেলিনা হোসেন আর আমাকে।

শামসুজ্জামান খান কী প্রাজ্ঞ একজন মানুষ! ফোকলোর বিষয়ে কত বড় বড় গবেষণা আছে তাঁর, আছে অনেক আন্তর্জাতিক প্রকাশনা। অথচ স্যার ছিলেন মাটির মানুষ। কোনো কিছু জানতে হলে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীসংক্রান্ত কোনো তথ্য দরকার হলেই সরাসরি ফোন করতাম তাঁকে। একদম বিরক্ত হতেন না। বই ঘেঁটে দরকারি তথ্যটা বের করে আমাকে আবার ফোন করে জানিয়ে দিতেন। শামসুজ্জামান খানকে আমি স্যার বলে ডাকতাম। আমার কোনো আবদার অপূর্ণ রাখতেন না। মা বইয়ের ১০০তম মুদ্রণ প্রকাশনা অনুষ্ঠানে বাতিঘরে তাঁকে আসতে বলিনি, মেসেঞ্জারের গণদাওয়াত দেখে তিনি নিজে হাজির হয়েছিলেন। আজ থেকে ১১ মাস আগে, ১৭ মার্চ ২০২১ আমরা মঞ্চে একসঙ্গে বসলাম। বাংলা একাডেমির বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভায়। মঞ্চে আরও ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। সিরাজী ভাই বাংলা একাডেমির মহাপরিচালক। শামসুজ্জামান খান সভাপতি। আজকে ২০২২ সালের বইমেলাতে দুজনের একজনও নেই। করোনা আমাদের মধ্য থেকে কেড়ে নিয়ে গেল দুজনকেই। শামসুজ্জামান খান চলে গেলেন ১৪ এপ্রিল ২০২১। হাবীবুল্লাহ সিরাজী আমাদের বিদায় বললেন ২০২১ সালের ২৪ মে। সিরাজী ভাইয়ের অবশ্য স্বাস্থ্যগত আরও সমস্যা ছিল। তা সত্ত্বেও তিনি বাংলা একাডেমিতে অফিস চালিয়ে গিয়েছিলেন। সিরাজী ভাই কবি, বুয়েটের ইঞ্জিনিয়ার, তাই তাঁর সঙ্গে খাতির ছিল আমার ছাত্রজীবন থেকেই।

আবার এসেছে ফেব্রুয়ারি। আবার শুরু হয়েছে বইমেলা। আনিসুজ্জামান স্যারকে মনে পড়বেই। ফেব্রুয়ারি এলেই স্যারের ব্যস্ততা বাড়ত। এঁর বই, ওঁর বইয়ের প্রকাশনা উৎসবে স্যার থাকতেন সভাপতি। দেখা হয়ে যেতই। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে একবার তাঁর ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পথ করে দেওয়ার জন্য লালগালিচা ছেড়ে মাটিতে হেঁটেছিলেন, তাঁর গায়ের চাদর ঠিক করে দিয়েছিলেন, আমাদের মনে পড়ে সেই সব ছবি। আর বইমেলা থেকে ফেরার পথে ১৭ ফেব্রুয়ারি রাতে বা ১৮ ফেব্রুয়ারি দিনে একবার আনিসুজ্জামান স্যারের জন্মদিনের কোনো অনুষ্ঠানে আহূত বা অনাহূত হাজির হতাম, তাও মনে পড়ে। আনিসুজ্জামান স্যারকে কত যে জ্বালিয়েছি, বিরক্ত করেছি, ভাবলে এখন চোখ ভিজে আসে। একটা বানান জানার জন্য অভিধান না দেখে তাঁকে ফোন করে বসতাম। স্যারের সঙ্গে আমেরিকা ট্যুর করেছি দুইবার। আনিসুজ্জামান স্যার জাতির বিবেক। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, পুরোটা সময়েই স্যার অক্লান্তভাবে কাজ করেছেন; বাংলাদেশের সংবিধানের বাংলা ভাষ্য তাঁর করা; আবার গণ-আদালত করে রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবিলা করেছেন; তেমনি মানবতাবিরোধী অপরাধের বিচারে সাক্ষ্য দিতে আদালতে গেছেন। প্রথম আলোয় লেখা পাঠিয়ে সেটার প্রুফ দেখতে নিজে আসতেন আমাদের অফিসে। আমার টেবিলের সামনে সোফায় বসলে আমি এক কাপ কফি বানিয়ে সামনে রাখতাম, তিনি পকেট থেকে সুইটেনার বের করে কাপে ঢেলে চামচ নাড়তেন। যারা ভোর এনেছিল লেখার আগে, সেই ২০১০ সালের দিকে ফোন করে জিগ্যেস করেছিলাম, ভয়ে লিখব নাকি নির্ভয়ে লিখব, তিনি বলেছিলেন, নির্ভয়ে লিখবে। আনিসুজ্জামান স্যার আমাদের ছেড়ে চলে গেছেন ১৪ মে ২০২০।

গত দুই বছরে করোনায় কতজন লেখক-শিল্পী-কবিকে যে আমরা হারালাম!

বছর দুয়েক আগে ফকির আলমগীর বইমেলায় প্রথমার স্টলের সামনে এলেন। আমি বলি, ফকির আলমগীর ভাই, আমি ফেসবুকে লাইভ করব, আপনি গান করেন...তিনি গান করলেন...সদ্য লেখা প্রতিবাদের গান। আমি বললাম, ও সখিনাটা একটু শোনান। শোনালেন। ফেসবুকে সেই ভিডিও এখনো আছে। ফকির আলমগীর ভাই চলে গেলেন ২৩ জুলাই ২০২১। গত এক বছরে হারিয়েছি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, আমাদের চিরসবুজ খালাম্মা রাবেয়া খাতুন, বাংলা কথাসাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব হাসান আজিজুল হক, আমার শিক্ষক নাট্যজন ড. ইনামুল হক, ফরহাদ খান, বুলবুল চৌধুরী, বশীর আল্‌হেলাল, শেখ আবদুল হাকিম, ফজল-এ-খোদা, কবরী, প্রকাশক মহিউদ্দীন আহমদ, সহকর্মী মিজানুর রহমান খান, সহলেখক সৈয়দ আবুল মকসুদ, রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হকসহ আরও কতজনকে। সৈয়দ আবুল মকসুদ ভাইকে সহলেখক বললাম এ জন্য যে আমরা প্রথম আলোয় মঙ্গলবারে একই পৃষ্ঠায় বহুদিন কলাম লিখেছি, আর প্রথমা থেকে বের হতো তাঁর বই, দুজনে একসঙ্গে বইমেলায় প্রথমার স্টলে মাঝেমধ্যে বসেওছি। প্রথমা শাহবাগে বা মিরপুরে বইমেলা আয়োজন করত, আমরা দুজনেই সেখানে হাজির হতাম উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা নতুন একটা স্লোগান বের করেছিলাম, বই পড়ার দরকার নেই, বই কিনুন। একদিন না একদিন কাজে লাগবে। আপনি পড়বেন। আপনার ছেলেমেয়ে পড়বে। কেউ না পড়লে লাইব্রেরিতে দিয়ে যেতে পারবেন। তবু বই কিনুন।

ফরহাদ খানকে নিয়ে দুটো কথা বলি। ফরহাদ খান বাংলা শব্দের ব্যুৎপত্তিব্যাখ্যা ইত্যাদি নিয়ে খুব সুন্দর সুন্দর লেখা লিখতেন। কিশোর আলোর তিনি ছিলেন নিয়মিত লেখক। সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ টেলিভিশন থেকে ভাষাবিষয়ক ফরহাদ খানের অনুষ্ঠানে ডাক পেলাম। ফরহাদ খান আমাকে নিয়ে তিনটা অনুষ্ঠান রেকর্ড করলেন। ১৫ দিন পরপর প্রচারিত হবে। সেই অনুষ্ঠানগুলো প্রচারিত হওয়ার আগেই ফরহাদ খান আমাদের ছেড়ে চলে গেলেন। বইমেলায় ফরহাদ খান একসময় ছিলেন নিয়মিত মুখ। বাংলা একাডেমিতে চাকরির সুবাদে তাঁর কণ্ঠের নানা ঘোষণা বইমেলা প্রাঙ্গণের মাইকে প্রচারিত হতো।

করোনা ২০২০ সালেও কত প্রিয়জন-কৃতীজনকে নিয়ে গেছে। কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত ভাই, বিশিষ্ট কথাসাহিত্যিক রাহাত খান...।

সৈয়দ শামসুল হক আমার শহর কবিতায় লিখেছিলেন মৃত্যুবিরান শহরের জন্য মার্শিয়া:

মুনীর চৌধুরী নেই, কবর রচনারত সেন্ট্রাল জেলে,

শামসুল হক নেই,

কবেই তো ইমাদউল্লা গেছে;

এই শহরে শুনি না এখন

শেখ মুজিবের পায়ে কাবুলি চপ্পল

বাংলার বুকের গভীরে

শব্দ তুলে হেঁটে যাচ্ছে

আরমানিটোলা থেকে

কারকুন বাড়ির গলিতে...

এখন এই শহরে সৈয়দ শামসুল হক নেই, শামসুর রাহমান নেই, হুমায়ূন আহমেদ নেই, আখতারুজ্জামান ইলিয়াস নেই, বেলাল চৌধুরী, রফিক আজাদ, রবিউল হুসাইন নেই...আমাদের বুক আজ গোরস্তানে পরিণত... সার সার কবর রয়েছে শুধু...

তবুও বইমেলা যাই। এই সব লেখক এবং আমাদের আদি লেখক থেকে শুরু করে তরুণতম লেখকের বইগুলো তো আছে বইমেলায়... যাই, হাঁটি, নক্ষত্রবীথির হৃদয়ের উষ্ণ কথন শুনতে পাই...