প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ

আগামী ১ মার্চ থেকে
খুলছে দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সেদিন থেকেই প্রাথমিক
বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১
মার্চ থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলবে। করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি
পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ রোধে গত
১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ
নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
এদিকে করোনাভাইরাস
পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়
পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি
পরামর্শক কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


