কারাগারে বসে দল গঠন, ডিবি পরিচয়ে ডাকাতি

প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন মোজাম্মেল হোসেন। আর ভুয়া ডিবি সেজে ডাকাতিতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান হেলাল রানা। মোজাম্মেল মানবপাচারে জড়িত ছিলেন। হেলাল প্রতারণার জন্য নিরাপত্তা বাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। কারাগারে একই কক্ষে ছিলেন দুজন। সেখানে বসেই ডাকাতির দল গঠনের ছক কষেন তাঁরা।

পুলিশ বলছে, মোজাম্মেল ও হেলাল গত বছর অক্টোবরে কারাগার থেকে বেরিয়ে আরও ১৩ জনকে দলে ভেড়ান। তাঁদের মধ্যে তিনজন ছিলেন বিভিন্ন অপরাধে পুলিশ থেকে চাকরিচ্যুত। গত ৩০ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মোজাম্মেলসহ দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, ডিবি লেখা জ্যাকেট, হাতকড়া ও একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।
ডাকাত দলের সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী এ দলের সদস্যরা ঢাকা ও আশপাশের জেলাগুলোয় ডাকাতি করতেন। তিন মাসে তারা রাজধানীর মোহাম্মদপুর, সাভার, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত সাতটি ডাকাতি করেন।

গোয়েন্দা কর্মকর্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকায় এই ডাকাত দলের সদস্যরা অন্যদের তুলনায় ভিন্নভাবে এই অপকর্ম করতেন। মহাসড়কে ভুয়া তল্লাশিচৌকি বসিয়ে পণ্যবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করতেন। তাঁরা রাজধানীর মতিঝিলের হুন্ডি ব্যবসায়ী এবং তাঁতিবাজারের সোনা কারবারিদের লক্ষ্যবস্তু বানাতেন। অবৈধ এ দুই কারবারে জড়িত ব্যক্তিরা ডাকাতির শিকার হলেও পুলিশে অভিযোগ করেন না। এ ছাড়া কোনো ব্যক্তি ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুললে, তাঁর পিছু নিতেন। পরে নিজেদের সুবিধাজনক জায়গায় পৌঁছে ডিবি পরিচয়ে ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিতেন তাঁরা। ক্রসফায়ারের ভয় দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দিতেন।
পুলিশ থেকে চাকরিচ্যুত তিনজনের মধ্যে শফিক নামে একজন গ্রেপ্তার হয়েছেন। বাকি তিনজনসহ নিরাপত্তা বাহিনী থেকে চাকরিচ্যুত হেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

টাকা দিতেন হেলাল, ডাকাতির নেতৃত্বে মোজাম্মেল

গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী থেকে চাকরি হারিয়ে চার বছর আগে একটি ডাকাত দলে যোগ দিয়েছিলেন হেলাল। এই দলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত কয়েকজন সদস্য ছিলেন। দলে যোগ দিয়ে নিজেকে মতিঝিল এলাকার সহকারী কমিশনার (এসি) রানা নামে পরিচয় দিতেন হেলাল। ডিবি পরিচয়ে ডাকাতির এক ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন তিনি।

মোজাম্মেল একসময় সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুরান ঢাকার বংশাল থানায় প্রতারণার মামলা হলে দুই বছর আগে গ্রেপ্তার হন তিনি।

ডিবির সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, হেলাল–মোজাম্মেলের নেতৃত্বে গঠিত এই ডাকাত দলে হেলালের ভাই কুদ্দুস আলী রয়েছেন। গ্রেপ্তার ১০ জনের মধ্যে তিনি রয়েছেন। এই চক্রের সদস্যরা গাড়ি ভাড়া নিয়ে ডাকাতি করতেন।

প্রতিটি ডাকাতিতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয় তাঁদের। এ টাকা দিতেন হেলাল। বিনিময়ে তিনি ডাকাতি করে পাওয়া অর্থের ৩০ শতাংশ নিতেন। বাকি অর্থ দলের অন্য সদস্যরা ভাগাভাগি করে নিতেন।

এই ডাকাত দল গত ১৬ জানুয়ারি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভূল্যা এলাকা থেকে তেলবাহী একটি ট্রাক ছিনিয়ে নেয়। ওই ট্রাকে ৩০ ড্রাম সয়াবিন তেল ও ৩০ ড্রাম পাম অয়েল ছিল। তার আগে টাঙ্গাইল সদরের ইসলামী ব্যাংকের শাখা থেকে এক ব্যক্তির উত্তোলন করা ১২ লাখ টাকা ডাকাতি করেন তাঁরা। ব্যাংক থেকে বের হওয়ার পর থেকেই ওই ব্যক্তিকে অনুসরণ করেন তাঁরা। পরে টাঙ্গাইল বাইপাস সড়কে তল্লাশি চৌকি বসিয়ে ওই ব্যক্তিকে বহনকারী সিএনজি অটোরিকশা আটকে দেওয়া হয়। তাঁকে ডিবির স্টিকার লাগানো গাড়িতে তুলে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তাঁকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।
ডাকাতির টাকায় জমি মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার ১০ ডাকাতের একজন জাহাঙ্গীর। ডিবি কর্মকর্তারা জানান, জাহাঙ্গীরের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। জাহাঙ্গীর মূলত ডাকাত দলে লোক সরবরাহের কাজ করেন। মোজাম্মেল ও হেলালের ডাকাত দলে তিনি লোক সরবরাহ করেছেন। এর বাইরেও তাঁর রয়েছে ১৫ সদস্যের একটি চোর চক্র। এ চক্রের সদস্যরা গাজীপুরের বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত।

এ ছাড়া জাহাঙ্গীরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বিভিন্ন মহাসড়কে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। জাহাঙ্গীরের নেতৃত্বে রয়েছে একটি গরু চোর চক্রও। জাহাঙ্গীরের মাধ্যমে মোজাম্মেল ও হেলালের ডাকাত দলে যোগ দিয়েছেন গ্রেপ্তার হওয়া মুক্তার, জমির, আফসার ও ফারুক। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরাও। নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা জানান, নানা অপরাধ করে প্রচুর টাকার মালিক হয়েছেন জাহাঙ্গীর। চুরি, ছিনতাই ও ডাকাতির টাকায় তিনি গাজীপুর ও সাভারে জমি কিনেছেন।

মহাসড়কে ডাকাতি নিয়ে উদ্বেগ

গত ২১ জানুয়ারি রাতে ঢাকার আবদুল্লাহপুর থেকে বাসে টাঙ্গাইলে যাওয়ার পথে শফিকুল ইসলাম নামে এক চিকিৎসক ডাকাতের কবলে পড়েন। রাতভর নির্যাতনের পর তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ফেলে যায় ডাকাতেরা। এ ঘটনার পর মহাসড়কে সক্রিয় ডাকাতদের ধরতে তৎপর হয়েছে পুলিশ।

৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সঙ্গে বৈঠক করেন পুলিশের ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা। ডাকাতির ঘটনায় গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, ডাকাতির সঙ্গে যুক্ত অনেকে করোনা মহামারির সময় জামিনে কারাগারের বাইরে রয়েছে। তাঁরাই বিভিন্ন মহাসড়কে ডাকাতি করছে।