২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু বেড়েছে

দেশে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে কোভিডের
সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য
অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই
সময়ে নতুন করে আরও ১৪ হাজার ৮২৮ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী
শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৫ হাজার
৮০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন
৯৯৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।
এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান
রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৪ জানুয়ারি) সকাল
সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৪৩ জন
এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৯৭ লাখ
৫৮ হাজার ৯ জন।


