বাড়ছে কোভিড সংক্রমণ, হতে হবে সচেতন

কোভিডের সংক্রমণ বেড়ে যাওয়াকে অশুভ ইঙ্গিত বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় কোভিড শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ০৫ শতাংশ। কোভিডে মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় সারা দেশে ১০ হাজার ৮৮৮ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোভিডে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন এবং চট্টগ্রাম বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ‘বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। পাশাপাশি আমরা বলেছি, ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টেও স্ক্রিনিং চলছে। সেগুলো যাতে ঠিকমতো দেখেন ও যাতে সেখানে ফাঁকি না দেওয়া হয়। কোয়ারেন্টাইন বিষয়েও তাদের বলেছি। কোয়ারেন্টাইন অনেক সময় স্ল্যাক (ঢিলেঢালা) হয়। কোয়ারেন্টাইনে যারা আছেন অনেক সময় ফাঁকফোকর দিয়ে বের হয়ে যান এবং সংক্রামিত করে, এই বিষয়গুলো বলেছি আপনারা নজরদারিতে রাখবেন, যাতে কোয়ারেন্টাইন ঠিকমতো হয়।’
তিনি আরও জানান, আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি, আমরা একমাসের মধ্যে ১ কোটি ২৫ লাখ ছাত্রকে ভ্যাকসিন দিয়ে ফেলেছি। ৯০ শতাংশের বেশি তারা ভ্যাকসিনেটেড হয়ে গেছে।
প্রথম আলোর খবর থেকে জানা গেছে, গণপরিবহনের কত শতাংশ কর্মী টিকা নিয়েছেন, সেই পরিসংখ্যানই সংশ্লিষ্টদের কাছে নেই। এমনকি এই খাতের যাঁরা টিকা নেননি, তাঁদের অগ্রাধিকারের আওতায় আনার বিশেষ কোনো কর্মসূচিও নেই সরকারের কাছে। তৈরি পোশাক খাতের মালিকেরা সরকারের সঙ্গে দেনদরবার করে এই খাতের শ্রমিকদের টিকাদান নিশ্চিত করেছেন। গণপরিবহনের মালিকেরা সে রকম কোনো উদ্যোগই নেননি। তাঁরা অবশ্য বাস টার্মিনালগুলোকে টিকাকেন্দ্র খোলার প্রস্তাব দিয়েছিলেন। যুক্তি ছিল, এই শ্রমিকেরা বেশির ভাগ সময় পরিবহনে অথবা টার্মিনালেই থাকেন। শ্রমিক সংগঠনগুলোর মতে, সড়ক পরিবহন খাতে শ্রমিক প্রায় ৫০ লাখ। এর সঙ্গে যানবাহন মেরামতসহ নানা কাজে যুক্ত শ্রমিক আছেন আরও প্রায় ২০ লাখ। সব মিলিয়ে বাস, ট্রাক, অটোরিকশা, নছিমন, করিমনের সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় ৭০ লাখ। এর মধ্যে শুধু যাত্রীবাহী বাসের শ্রমিকের সংখ্যা ১০ লাখের মতো। রেস্তোরাঁর কর্মী ও সেবাপ্রার্থীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সেখানকার লাখ লাখ শ্রমিক টিকা কর্মসূচির বাইরে আছেন।
সরকারের দাবি, দেশে প্রচুর টিকা মজুত আছে। তাহলে দ্রুত অধিকসংখ্যক মানুষকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না কেন? বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়া ব্যক্তিদের চেয়ে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য অমিক্রন কয়েক গুণ বেশি ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, ১ জানুয়ারি থেকে যাঁরা করোনায় মারা গেছেন, তাঁদের ৮০ শতাংশ টিকা নেননি।
তাঁরা কি ইচ্ছা করেই টিকা নেননি, না নেওয়ার সুযোগ পাননি? আমরা তো পরিসংখ্যানে দেখি, এখনো বিরাটসংখ্যক মানুষ টিকা কর্মসূচির বাইরে আছেন। বিশেষ করে গণপরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মীদের বেশির ভাগই টিকা পাননি। এই প্রেক্ষাপটে সেবাপ্রার্থীদের টিকার সনদ চাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
দ্বিতীয় সমস্যা হলো স্বাস্থ্যবিধি মেনে চলার সব ক্ষেত্রে উদাসীনতা। সরকারের নির্দেশনা ছিল মাস্ক না পরে ঘরের বাইরে গেলে জরিমানা দিতে হবে। অথচ হাটবাজার, মেলা, গণপরিবহন- সবখানেই ঢিলেঢালা ভাব। নির্দেশনা দেওয়ার সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে কদাচিৎ ঘটছে। সরকারকে বুঝতে হবে যেখানে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে ঢিলেঢালা পদক্ষেপ কোনো কাজে আসবে না। নাগরিকদেরও বুঝতে হবে, মাস্ক না পরে কিংবা স্বাস্থ্যবিধি না মেনে তাঁরা কেবল নিজেদেরই ক্ষতি করছেন না, ক্ষতি করছেন তাঁদের সংস্পর্শে আসা প্রতিটি মানুষের।


