যুবদল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, অভিযোগ তৈমুরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র
মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, সোনাকান্দা এলাকায় তাঁর সমর্থক যুবদল
নেতা মনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার জেলা
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান তাঁকে গ্রেপ্তার করিয়েছেন বলে তাঁর অভিযোগ।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ১৬নং ওয়ার্ডের
দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে তৈমুর আলম খন্দকার এই অভিযোগ
করেন।
মনোয়ার হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১টার দিকে
২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংক কেন্দ্রের সামনে থেকে পুলিশ মনোয়ার হোসেনকে
গ্রেপ্তার করে। তিনি ভোট দিতে এসেছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
দীপক চন্দ্র দাস বলেন, ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করায়
মনোয়ারকে আটক করা হয়েছে।
তৈমুর বলেন, ইভিএমের কারণে ভোট প্রদানে
দেরি হচ্ছে মানুষের। লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে পারছেন না। ত্রুটিপূর্ণ মেশিনের
কারণে এই ভোগান্তি হচ্ছে। তিনি ভোট কাস্ট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রে
এজেন্ট আছে। এজেন্ট বের করে দেবে না বলে বিশ্বাস তাঁর।


