নির্বাচন কমিশন গঠনে আইন চায় রাজনৈতিক দলগুলোর

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে বিএনপি ছাড়াও সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাচঁটি দল। গত ২০শে ডিসেম্বর জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ যা শেষ হবে ১৭ই জানুয়ারি সরকারি দল আওয়ামী লীগের অংশ গ্রহণের মধ্য দিয়ে। এখন পর্যন্ত ২০টি দল অংশ নিয়েছে সংলাপে।

 

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। 


এসময়ের মধ্যেই পরবর্তী নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।


নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২০১২ সাল থেকে রাষ্ট্রপতি সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আসছেন। আগের দু'বারের মতো এবারো ২০শে ডিসেম্বর থেকে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। 


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের বলেন, সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। কিন্তু আজও সে আইন প্রণয়ন করা হয়নি। এ জন্য কমিশন গঠনের আগে আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছে জাতীয় পার্টি। তিনি আরও বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছেন।


রাষ্ট্রপতির কাছে আরও দুটি প্রস্তাব করা হয়েছে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। সেগুলো হলো সংসদে আইন প্রণয়ন করা না গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে যেন আইনটি করা হয়। একান্ত যদি আইন প্রণয়ন না হয়, তাহলে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। এ ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যোগ্য চার–পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে।


রাষ্ট্রপতি কী বলছেন, সে বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি তাঁদের প্রস্তাব শুনে বিবেচনার আশ্বাস দিয়েছেন।


এখন পর্যন্ত ২০টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে, তারা প্রায় সবাই নির্বাচন কমিশন আইনের প্রস্তাব রেখেছেন।


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সংলাপে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ইসি গঠনে ৬টি প্রস্তাব দেওয়া হয়েছে।


তিনি বলেন, যদিও আইনমন্ত্রী বলছেন আইন প্রণয়নের যথেষ্ট সময় নেই, তবে পার্লামেন্টেই উদাহরণ আছে যে এর চেয়েও কম সময়ে আইন প্রণয়ন কেবল নয়, সংবিধানও সংশোধন হয়েছে। যেটা প্রয়োজন সেটা হল সংবিধানকে অনুসরণ করা। যদি একান্তই আইন প্রণয়ন না করা হয় তবে যে সার্চ কমিটি গঠনের কথা বলা হচ্ছে সেক্ষেত্রেও সার্চ কমিটির দেয়া নামগুলোর সংসদের কার্য উপদেষ্টা কমিটির যাচাই বাছাইয়ের পর রাষ্ট্রপতিকে পাঠাতে করতে হবে এবং তিনিই সেই তালিকা থেকে নির্বাচন কমিশন নিয়োগ করবেন।


মেনন জানান, ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রপতিকে নাগরিক নেতাদের সঙ্গেও সংলাপ করার প্রস্তাব দিয়েছে।


তিনি আরও বলেন, ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুতেই এই আইন উত্থাপন করে জরুরি ভিত্তিতে তা পাস করা যেতে পারে। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংবিধান বর্ণিত বিধি পরিপূরণে আপনি (রাষ্ট্রপতি) সরকারকে এই নির্দেশ দিতে পারেন। অন্যথায় প্রতিবারের মত এবারও নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক জন্ম দেবে এবং এ ধরনের আস্থাহীনতার পরিবেশে নির্বাচন কমিশন যথাযোগ্য ভূমিকা পালন করতে পারবে না।


রাশেদ খান মেনন বলেন, প্রস্তাবনায় ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ নিয়োগের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের নিয়ে একটি সাংবিধানিক কাউন্সিল থাকবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে এই সাংবিধানিক কাউন্সিল গঠিত হবে।এই সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাম প্রস্তাব করবেন। রাষ্ট্রপতি তাদের পরামর্শমত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ করবেন।


তিনি আরও জানান, আইন প্রণয়ন একান্তই সম্ভব না হলে বিকল্প হিসেবে যে সার্চ কমিটি গঠন করার প্রস্তাব করা হচ্ছে সে ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারীদের নিয়ে তা গঠন করা যেতে পারে বলে প্রস্তাবনা দিয়েছে ওয়ার্কার্স পার্টি।


এছাড়াও সময় কম থাকায় যে সার্চ কমিটি হবে সেখানে, সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন ব্যক্তি রাখার আহ্বান রাষ্ট্রপতির কাছে ছিল দলগুলোর।


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, সার্চ কমিটি গঠন না করে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিজের উদ্যোগে নির্বাচন কমিশন গঠন করুন। ব্যক্তিত্বসম্পন্ন মানুষকে নিয়ে কমিশন করুন। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবেই সম্পূর্ণ স্বাধীন। তার কারো কাছে জবাবদিহি করার দরকার নেই। যদি কমিশন নিজেই নিয়ন্ত্রিত হয় তাহলে তো কিছু বলার নেই।


তিনি বলেন, আমরা অনেক সময় একসঙ্গে চলেছি। অনেক পথ হেঁটেছি, সেজন্য পুরোনো বন্ধু হিসেবে কথা বলতে এসেছিলাম।


তিনি বলেন, তিনদিনের জন্য সার্চ কমিটি গঠন করার প্রয়োজন আমরা মনে করছি না। আর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন খুব ভালো ফল দেয়নি। এর আগে একটা রকিব কমিশন ছিল, সেটাও ভালো ফল দেয়নি। আমরা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন আশা করি।


কাদের সিদ্দিকী বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি, নির্বাচন কমিশন হওয়ার জন্য একটা আইন হওয়া দরকার। এতকিছু হয়, আইন হয় না কেন?


দলের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে নির্বাচন কমিশন তিনিই (রাষ্ট্রপতি) গঠন করবেন। আর গত কমিশনে একজন নারী নির্বাচন কমিশনার ছিলেন। এবার আমরা বলেছি পাঁচজনের মধ্যে থেকে দুইজন নারী নির্বাচন কমিশনার রাখতে।


নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, একটা প্রস্তাব দিয়েছি যে, সব দলকে নিয়ে আলোচনা করে একটি নির্বাচনকালীন সরকার গঠন করতে।


এ বিষয়ে রাষ্ট্রপতি কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাদের কথার সঙ্গে অনেক বিষয়েই একমত।


তিনি বলেন, আমরা মনে করি এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, কারণ বিগত দিনে কোনো দলীয় সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু হয়নি।


ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের প্রয়োজন নেই বলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, একটা বিষয়ে আমরা জোর দিয়ে বলেছি যে, জাতীয় নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এক নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়ার কোনো মানে হয় না। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যতগুলো মানুষ মারা গেছে, তা প্রতীক দেওয়ার কারণেই। দ্বন্দ্ব-হানাহানি ঘরে ঘরে পৌঁছে গেছে।


তিনি বলেন, রাষ্ট্রপতি আমাদের এই অভিমতের সঙ্গে দৃঢ়তার সঙ্গে একমত পোষণ করেছেন। আমরা প্রস্তাব দিয়েছি, জাতীয় নির্বাচন এবং বড়জোর সিটি করপোরেশন নির্বাচনগুলোর বাইরে অন্য স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কোনো মানে হয় না।


বিএনপি’র মতো বড় দল সংলাপে অংশ নিচ্ছে না, এতে সংলাপ সফল হবে কি না এমন এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, সফলতা, ব্যর্থতা নির্ভর করে একাগ্রতার ওপরে, চেষ্টার ওপরে। সব কটি দল সংলাপে অংশ নিয়ে কোনো ভালো কিছু না হলে কোনো লাভ নেই। আর দু/একটি দল অংশগ্রহণ না করলে, দেশ ভেসে যাবে এটাও সত্য কথা নয়।


তিনি বলেন, একটা মস্ত বড় দল বিএনপি সংলাপে আসছে না। তাদের সঙ্গে অনেকেই আসছে না, কিন্তু আমরা এসেছি। আমরা দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, রাষ্ট্রপতি আমাদের দাওয়াত দিয়েছেন, তার সম্মানের জন্য সংলাপে আসা উচিত।


তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের চেয়েও জরুরি নির্বাচনকালীন সরকারকে কীভাবে নিরপেক্ষ ভূমিকায় রাখা যায়।


মহামারির কারণে ক্ষতি ও যাদের হারিয়েছেন তাদের কথা স্মরণ করে রাষ্ট্রপতি সঠিক ও যথোপযুক্ত ভূমিকা রাখবেন আশা করে তিনি বলেন, মহামারির প্রকোপকে পাশ কাটিয়ে আমরা যারা বেঁচে আছি, তাদের দায়িত্ব নতুন প্রজন্মের জন্য এ বিশ্বকে বাসযোগ্য করে যাওয়া। দেশ ও মানুষের কল্যাণে জাতির এই ক্রান্তিলগ্নে ভূমিকা রাখা।


নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ রাখার উপায় বের করতে রাষ্ট্রপতির কাছে ছয় দফা প্রস্তাবও তুলে ধরেন কাদের সিদ্দিকী। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-


১. নির্বাচন কমিশন আইন অবিলম্বে প্রণয়ণ করার প্রস্তাব করছি। এই মুহূর্তে আইন প্রণয়ণ সম্ভব না হলে সার্চ কমিটি নয়, দেশের অভিভাবক ও প্রবীণ রাজনীতিক হিসেবে আপনার চিন্তা-চেতনা, বিবেক-বিবেচনায় ব্যক্তিত্ব সম্পন্ন দেশপ্রেমিক মানুষদের নিয়ে দেশের মানুষের আস্থাভাজন গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন। পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনে কমপক্ষে দুইজন নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে।


২. দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন কমিশন এবং নির্বাচন অন্যতম নিয়ামক। কিন্তু প্রহসনমূলক নির্বাচন হওয়ায় দেশ যেমন ক্ষতিগ্রস্ত, সরকারও তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্তর্জাতিক অঙ্গণে ক্ষুন্ন হয়েছে দেশের মর্যাদা। তাই নির্বাচন কমিশন এবং নির্ভেজাল নির্বাচন জাতির জন্যে খুবই জরুরি। অতএব, সংবিধানের নির্দেশমতো প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে নির্বাচন কমিশন সচিবালয়কে সম্পূর্ণ স্বাধীন-মুক্ত করার প্রস্তাব করছি।


৩. মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, তেমনি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া চলার কথা না। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন কখনো কোনো রাজনৈতিক দলের মতামতের তোয়াক্কা করেনি। প্রতিবছর অন্তত চারবার নির্বাচন কমিশন নিবন্ধিত দলের সঙ্গে আলাপ-আলোচনা করার বিধান থাকা উচিত। নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত না নিয়ে নির্বাচন কমিশন নতুন কোনো নির্বাচনী বিধি-বিধান প্রণয়ণ করতে পারবে না।


৪. গণতন্ত্রের প্রধান স্তম্ভ হচ্ছে রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী যেমন বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করেন, ঠিক তেমনি নিবন্ধিত দলের সঙ্গে বছরে অন্তত দুইবার নির্বাচন কমিশন দেশের পরিস্থিতি, অগ্রগতি, শান্তি-শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলগুলোর মতামত নেবেন এবং তিনিও তার মতামত ব্যক্ত করবেন।


৫. রাষ্ট্রপতি দেশের প্রধান অভিভাবক। তাই আপনিও একইভাবে বছরে দুইবার, সম্ভব না হলে অন্তত একবার সব রাজনৈতিক দলের মতামত নেবেন এবং আপনিও আপনার অভিমত ব্যক্ত করবেন।


৬. নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা করতে হবে।


তবে চলমান সংলাপে বিএনপি ছাড়াও অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি, বাসদ, এলডিপি, ইসলামী আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি।  


আগামী ১৭ই জানুয়ারি, ক্ষমতাসীন আওয়ামী লীগকে দিয়ে শেষ হবে এ সংলাপ।-ডিবিসি