দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৯৭

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২ জনে। একই সময় নতুন করে ৩৯৭ জন শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৮ হাজার ৯৩৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।

 

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ১৯৩ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৬৩২ জন।

 

এর আগে, ২৭ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ২ হাজার ৯৮৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৮১ হাজার ২১৫।

 

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৬০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ২৩ হাজার ১২৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৪১৮ জন।

 

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৮৫২ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৬০৫ জনের।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।