'এমভি অভিযান-১০' লঞ্চের মালিক গ্রেপ্তার

ঝালকাঠির সুগন্ধা
নদীতে 'এমভি অভিযান-১০' লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় নৌযানটির মালিক হামজালাল
শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক
কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লঞ্চে আগুন লাগার পর থেকে
কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন হামজালাল শেখ। গোপন খবরের মাধ্যমে র্যাব
সদস্যরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত
জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে যাওয়া এমভি অভিযান-১০
লঞ্চটি গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে গেলে আগুন লাগে। দগ্ধ
হয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে অন্তত ৩৮ যাত্রী নিহত হন। এখনও ৫১ যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।
ওই ঘটনায় গত শনিবার স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা
করেন।
এ ঘটনায় লঞ্চের মালিক, মাস্টার, চালকসহ
আটজনের নামে রোববার নৌ আদালতে মামলা হয়। ওই মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেছেন। পাশাপাশি লঞ্চটির ফিটনেস সনদ, নিবন্ধন, চালক ও মাস্টারের সনদও
স্থগিত করেছে নৌপরিবহন অধিদপ্তর। মামলার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ পাঁচ
বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড হতে পারে।


