ঢাবিতে বিবাহিতদের হল না পাওয়ার সিদ্ধান্ত বাতিলে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তঃসত্ত্বা
ছাত্রী হলে থাকতে পারবেন না এবং বিবাহিত হলে তা কর্তৃপক্ষকে না জানালে ছাত্রীর হলের
সিট বাতিল হবে হলের এমন বিধান বাতিল চেয়ে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ
শিশির মনির এ নোটিশ পাঠান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার,
প্রক্টর, প্রভোস্ট সামসুন্নাহার হল, প্রভোস্ট কুয়েত-মৈত্রী হল এবং সুফিয়া কামাল হলের
প্রভোস্ট বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কয়েকটি ছাত্রী হলে বিবাহিত হওয়ার কারণে কতিপয় ছাত্রীর আবাসিক সিট বাতিল করা হয়েছে।
এছাড়া সামসুন্নাহার হলের আবাসিক ছাত্রীদের সিট বন্টন সম্পর্কিত ও অন্যান্য শৃঙ্খলামূলক
নিয়মবিধির ১৬ নম্বর বিধিতে বলা হয়েছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে
জানাবে। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে
বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী
হলে থাকতে পারবে না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিধানের
ফলে কার্যত বিবাহিত শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষার সুযোগ থেকে
বঞ্চিত হবে। যে বিষয়টি নিয়ে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন বৈষম্যমূলক বিধান থাকার বিষয়টি প্রিন্ট
এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হচ্ছে।
আইনি নোটিশে আরো বলা হয়েছে, বাংলাদেশের
সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং ২৮ (১) ও (২) অনুচ্ছেদ
অনুযায়ী কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের
প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্র ও গণজীবনের সববস্তরে নারী পুরুষের
সমান অধিকার লাভ করবে। কিন্তু বিবাহিত ছাত্রীদের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন নিয়ম
নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথে প্রতিবন্ধকতা এবং সংবিধানের ২৭ এবং ২৮ নম্বর অনুচ্ছেদের
সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতএব, অত্র নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে নারীর
প্রতি বৈষম্যমূলক বিধানটি বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় এ
বিষয় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


