ফুরফুরে মেজাজে প্রথম দিনের অনুশীলন টাইগারদের

নিউজিল্যান্ড সফরে গিয়ে দীর্ঘ ১১ দিন রুম কোয়ারেন্টাইনে থাকার পর মিলে স্বস্তির খবর। এতে পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন করতে পারলো বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার লিংকন ইউনিভার্সিটি মাঠে ফুরফুরে মেজাজে প্রথম দিনের অনুশীলন সেরেছে টাইগাররা।

 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় নাগাদ অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। শুরুতে রানিং আর ফিটনেস অনুশীলনের পর স্কিল ট্রেনিং করেন মুমিনুল হকরা। এরপর ব্যাটিং ও বোলিং অনুশীলনে গভীর মনোযোগ ছিল মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামদের। কোচরাও দীর্ঘদিন পর অনুশীলনে ফিরতে পেরে স্বস্তিতে ছিলেন।

 

আর অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানান, বাইরে বের হয়ে খুব ভালো লাগছে টানা ১১ দিন একটা রুমের ভেতরে থাকা ছেলেদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। নীল আকাশ, উজ্জ্বল সূর্যালোকে বাইরে অনুশীলনে নেমে ছেলেরা খুব খুশি। সবাই বোলিং-ব্যাটিং অনুশীলন করছে।

 

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো আরও বলেন, আগামী দুই-তিন দিন হাই ইনটেনসিটি অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের। তাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব আমরা। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।'

 

তবে ক্রিকেটাররা অনুশীলন শুরু করলেও করোনাভাইরাসে আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে এখনই পাচ্ছে না দল। হোটেল থেকে নিউজিল্যান্ডের কোভিড সেন্টারে নেওয়া হয়েছে তাকে। এখন সেখানেই আছেন তিনি।

 

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি ওভালে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে হ্যাগলি ওভালে দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ৯ জানুয়ারি।