ছাত্রীনিবাসে বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত

অবশেষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী ছাত্রীনিবাসে বিবাহিত ছাত্রীদের হল
ছাড়ার নির্দেশনা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ ডিসেম্বর) আলেমা খাতুন ভাসানী
হলের প্রভোস্ট অধ্যাপক রোকসানা হক রিমি স্বাক্ষরিত একটি নোটিশ বিশ্ববিদ্যালয়ে টানিয়ে
দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর ২০২২ সালের ৩০ জানুয়ারির
মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিবাহিত
ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে।
আগের নোটিশ বোর্ডে দেখা যায়, ‘মাভাবিপ্রবি’র আলেমা খাতুন
ভাসানী হলের সকল আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হলের নিয়ম অনুযায়ী
বিবাহিতা ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এমতাবস্থায় আগামী ৩০/০১/২০২২ ইং তারিখের
মধ্যে সীট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, কোনো ছাত্রী বিবাহিতা হলে অবিলম্বে
হল কর্তৃপক্ষকে অবহিত করবে। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ তার সীট বাতিল করা
হবে।
স্থগিতের নোটিশে বলা হয়েছে- এতদ্বারা মাওলানা
ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের আবাসিক ছাত্রীদের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১ ডিসেম্বর দেওয়া বিবাহিত ছাত্রীদের সীট বাতিল সংক্রান্ত
নোটিশের কার্যকারিতা স্থগিত করা হলো।
জানা যায়, ২০০৫ সাল থেকেই এই নিয়ম চালু
রয়েছে। ছাত্রীদের অঙ্গীকারনামায়ও বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে না মর্মে উল্লেখ
রয়েছে। বর্তমানে সীটের তুলনায় অনেক শিক্ষার্থী সীটের জন্য আবেদন করায় বিবাহিতদের হল
ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অধ্যয়নরত থাকা অবস্থায় ছাত্রীদের বিয়ে হওয়ায় এমন ঘটনার সৃষ্টি
হয়। বিবাহিতা ছাত্রীদেরও হলে থাকার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। নোটিশের পর থেকে
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল।
আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক
রোকসানা হক রিমি বলেন, ‘বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনাটির
কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ হলে টানিয়ে দেওয়া হয়েছে।’


