বিকেলে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে জাপা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাজনৈতিক
দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার। বিকেল চারটায়
বঙ্গভবনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে প্রথম বৈঠক হবে। এরপর
বুধবার হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ।
ইতিমধ্যে এই দুই দলকে সংলাপে অংশ নেওয়ার
জন্য রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে দল দুটির নীতিনির্ধারকেরা বলছেন,
সংলাপে রাষ্ট্রপতি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব চাইতে পারেন—এমন কোনো আভাস
পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, কীভাবে সার্চ কমিটি হবে এবং কাদের
এই কমিটিতে থাকা উচিত—এসব বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কম।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা
বলে জানা গেছে, নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা এই সংলাপ নিয়ে দলগুলোর মধ্যে তেমন কোনো
তাগিদ বা উচ্ছ্বাস নেই। জাপা আজ বিকেলে রাষ্ট্রপতির দপ্তরে যাবে। কিন্তু সংলাপের প্রস্তুতি
নিয়ে গতকাল পর্যন্ত দলটির নেতারা নিজেদের মধ্যে কোনো বৈঠক করেননি। আজ বঙ্গভবনে যাওয়ার
আগে বৈঠক হতে পারে বলে দলের নেতারা জানিয়েছেন। জাসদও গতকাল পর্যন্ত সংলাপ নিয়ে নিজেদের
মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক করেনি।
জাপার মহাসচিব মুজিবুল হক প্রথম আলোকে
বলেন, ইসি গঠনে জাপার মতামত নেওয়ার বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু ইসি
গঠনে আইন করা হবে কি না, সেটাও স্পষ্ট নয়। ফলে আগে থেকে কোনো প্রস্তাব নিয়ে যাওয়ার
সুযোগ কম। রাষ্ট্রপতি যেসব বিষয়ে জানতে চাইবেন, তাঁরা সেসব বিষয়ে মতামত দেবেন।
জাপা ও জাসদ সূত্র জানায়, করোনা মহামারির
কারণে রাষ্ট্রপতির দপ্তর থেকে জাপার সর্বোচ্চ আটজন এবং জাসদের সাতজন নিয়ে যেতে বলা
হয়েছে।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রথম
আলোকে বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি ঠিক করতে আজ দলের স্থায়ী কমিটির বৈঠক
হবে। তিনি জানান, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব তাঁরা আগেই (২০১৬ সালে)
দিয়েছিলেন। এবারও এই প্রস্তাব তোলা হতে পারে।
২০১৬ সালের শেষ দিকে ইসি গঠনের লক্ষ্যে
একইভাবে সংলাপ শুরু করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক মাসের বেশি সময় ধরে সেই
সংলাপ চলে। তখন রাষ্ট্রপতি সব দলের কথা শুনেছেন, সৌজন্য দেখিয়েছেন। কিন্তু ইসি গঠনে
বিরোধী দল ও নাগরিক সমাজের মতামতের প্রতিফলন ঘটেনি। আগের দুই দফা (২০১২ ও ২০১৭ সালে)
সংলাপের পর গঠিত দুই নির্বাচন কমিশনই ব্যাপকভাবে বিতর্কিত ও সমালোচিত হয়েছে। বর্তমান
নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। সূত্র : প্রথম আলো


