২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ২৯৭ জন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৭ জন।

 

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৮ হাজার ৩১৭টি পরীক্ষায় ২৯৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ০৫ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় চার বিভাগে কেউ মারা যায়নি, পাশাপাশি দেশের ৩৩ জেলায় নতুন করে করোনা আক্রান্ত নেই।

 

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭৯ লাখ ০৫ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৭ হাজার ৯০৩টি নমুনা। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ৩ জন সরকারি ও ১জন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৩৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।