নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১২টা ১০ মিনিটে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৯ আসামি কারাগারে উপস্থিত ছিলেন।

 

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার ৯ আসামিকে এজলাসে তোলা হয়। সকাল পৌনে ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাদেরকে আদালতে হাজির করা হয়।

 

এদিকে, আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু এ মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে ৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযুক্তদের মধ্যে ৯ আসামি জেলহাজতে রয়েছে। অন্য চারজন পলাতক। গত এক বছরে আদালত বাদীসহ ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণসহ মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রায়ের দিন ধার্য করেছেন।

 

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে তার ঘরে প্রবেশ করে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করে, যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।