শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে তাদের পক্ষ থেকে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

এদিকে দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে জাতীয় কর্মসূচি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

 

৫০ বছর আগের এই দিন, বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তান হানাদার বাহিনী তাদের স্থানীয় দোসর আল-বদর, রাজাকার ও আল-শামসের গোপন কুপরামর্শে নতুনভাবে উদিয়মান বাংলাদেশের মেধাশক্তি ধ্বংস করে ফেলার লক্ষ্যে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে।

 

অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এ দেশের মাটির প্রায় ২০০ কৃতী সন্তানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় এবং তাদের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জিম্মি রাখে।

 

তাদেরকে চোখ বেঁধে মিরপুর, মোহাম্মাদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও নগরীর বিভিন্ন অংশের অন্য স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়।

 

পরবর্তীকালে, বিভিন্ন হত্যা কেন্দ্রে তাদের সকলকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। তাঁদের অধিকাংশকেই রায়েরবাজার ও মিরপুরে হত্যা করা হয়।

 

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খুনিদের ক্রোধের শিকার হওয়া বুদ্ধিজীবীদের মধ্যে ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, সিরাজুদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান ও সেলিনা পারভিন এবং সাহিত্যিক মুনীর চৌধুরী রয়েছেন।

 

তখন থেকে এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারেও সীমিত পরিসরে এই দিনটি পালন করা হচ্ছে।

 

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব দল ও সংগঠনের নেতাকর্মীরাও মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি

এদিন সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।