দেশে করোনা ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭

প্রাণঘাতী করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।

 

আজ শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের সকলেই নারী। তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। ৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে, অন্যজন চট্টগ্রাম বিভাগে।