করোনায় দেশে আরও ছয়জনের মৃত্যু

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১৬
জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের
পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার
৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের
সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।
গতকাল যেখানে ছিলো ১ দশমিক ৪৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৬ জন যেখানে গতকাল
ছিলো ৩০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন
পুরুষ ও দুইজন নারী। যারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে,
মারা যাওয়া ৬ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন,
৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। বিভাগওয়ারী বিশ্লেষনে
দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও চট্টগ্রাম বিভাগে একজন ও রাজশাহী
বিভাগে একজন রয়েছেন।


