প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কটূক্তিপূর্ণ ভিডিও সরানোর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির
যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম
থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি
মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ নির্দেশ দেন।
নির্দেশে বিটিআরসির চেয়ারম্যানকে এটি দ্রুত
বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল
হক সুমন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
নূরউদ্দীন শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।
থানায় জমা দেওয়া অভিযোগে নূরউদ্দীন লেখেন,
গত ৬ ডিসেম্বর রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯ নম্বর কক্ষে বসে একটি লিংকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও
দেখতে পান। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের আরেক
শিক্ষার্থী ফুয়াদ হোসন শাহাদাত শাহবাগ থানায় জিডি করেন। তিনি অভিযোগ করেন, ‘বিএনপির নেতা
মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য
করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা এর প্রতিবাদ করে। আলালের বক্তব্য
রাষ্ট্রের জন্য চরম আপত্তিকর ও মানহানিকর।’ তিনি জিডিতে একটি ভিডিও’র লিংকও যুক্ত
করেছেন।


