সাভারে ৬ ছাত্র হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে ডাকাত
সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় ১৩ আসামির মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন
আদালত।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার দ্বিতীয়
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।
গত ২২ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের
যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেন। ওইদিন ৪১ আসামির জামিন বাতিল
করে কারাগারে পাঠানো হয়। ১৬ আসামি পলাতক রয়েছেন। এর আগে মামলাটিতে ৫৪ জন সাক্ষী আদালতে
সাক্ষ্য দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতের
রাতে আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা
করা হয়। নিহতরা হলেন- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাপললিফের এ লেভেলের ছাত্র শামস
রহিম শামীম (১৮), মিরপুর বাংলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র
তৌহিদুর রহমান পলাশ (২০), একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম
খলিল (২১), উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান কান্ত (১৬),
তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯) ও বাংলাদেশ
ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব
জাবির মুনিব (২০)।
ঘটনার পর নিহতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ
এনে গ্রামবাসীর পক্ষে সাভার মডেল থানায় মামলা করেন আবদুল মালেক নামে এক বালু ব্যবসায়ী।
অন্যদিকে ছয় কলেজছাত্র হত্যাকাণ্ডে ৬০০ গ্রামবাসীকে আসামি করে হত্যা মামলা করেন সংশ্লিষ্ট
থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন।
২০১৩ সালের ৭ জানুয়ারি র্যাব সদর দপ্তরের
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা
দেন। ওই বছরের ৮ জুলাই মামলার ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জশিট) গঠন করেন ঢাকার
দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলালউদ্দিন।
চার্জশিটে বলা হয়, আসামিরা নিরীহ ছাত্রদের
হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করে। পরবর্তীকালে হত্যার ঘটনা ধামাচাপা দিতে মসজিদের
মাইকে সবাইকে ডাকাত আসার ঘোষণা দেয় এবং থানায় মিথ্যা মামলা দায়ের করে।
২০১৩ সালের ৮ জুলাই আদালত ৬০ আসামির বিরুদ্ধে
চার্জ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন। ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র
ভিকটিম আল আমিনকে একই ঘটনায় করা ডাকাতি মামলা থেকে সেদিন (চার্জ গঠনের সময়) অব্যাহতি
দেয়া হয়।
বিচার চলাকালে মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
করা হয়। ঘটনার পর এ মামলায় গ্রেপ্তার হয়ে ১৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দিয়েছিলেন।


