নিউজিল্যান্ডে যাওয়া হচ্ছে না তামিমের

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে
খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে চলছে ক্ষণ গণনা। কবে আবার জাতীয় দলের হয়ে খেলতে নামতে
পারবেন দেশসেরা এই ওপেনার? টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ঘরের একের পর এক সিরিজ মিস করছেন
তিনি।
এবার যোগ হলো আসন্ন নিউজিল্যান্ড সফরও।
আঙুলের ইনজুরির কারণে আগামী মাসে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাওয়া হবে না তামিমের।
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটে অন্তত এক মাস পুরোপুরি বিশ্রামে
থাকতে হবে তাকে।
এই সফরে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
২২ নভেম্বর চোটের অবস্থা নিয়ে ইংল্যান্ডে
একজন ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করেন তামিম। তাকে এক মাসের বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া
হয়েছে। দেবাশীষ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তিনি (তামিম)
ফিজিশিয়ানের সঙ্গে দেখা করেছেন এবং তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে,
তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।’তিনি যোগ করেছেন, ‘এজন্য নিউ জিল্যান্ড
সফরে যেতে পারবেন না তামিম।’
এর আগে তামিম সবশেষ জিম্বাবুয়ে সফরে ওয়ানডে
খেলে দেশে ফিরেন হাঁটুর চোটের কারণে। মাসখানেক পুনর্বাসনে থেকে যান নেপালে। সেখানে
নতুন করে চোট পান। এই সময়ে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের
সঙ্গে বিশ্বকাপও খেলেননি বাঁহাতি ওপেনার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে
যান আঙুলের সমস্যা নিয়ে।
দুটি টেস্ট খেলতে ডিসেম্বরের শেষ দিকে
নিউ জিল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশের। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ
দুটি হবে ১ ও ৯ জানুয়ারি। প্রথম ম্যাচ হবে টাউরাঙ্গায়, শেষটি ক্রাইস্টচার্চে।


