হাফ পাস চালুর দাবিতে গাড়ি ভাঙচুর, উত্তেজিত শিক্ষার্থীরা

হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র
করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর
১২টায় সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসের চালক ও সহকারীদের অসদাচরণের এই
ঝামেলার সূত্রপাত হয়।
এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
তারা সড়কের উভয়পাশে ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন বলে জানা গেছে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে
গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও
বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়াও শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা।
এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের
মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে।
সবশেষ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার
দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে
সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক রাখেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন কয়েকটি
বাস অর্ধেক ভাড়ার কথা বললে খারাপ আচরণ করে। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের
সঙ্গে দুর্ব্যবহার করেন।


