বঙ্গবন্ধুর নামে পুরস্কার করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার প্রবর্তন করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা যেমন চেয়েছিলেন বাংলাদেশকে সেভাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বঙ্গবন্ধু হত্যার পর উন্নয়ন নয়, গুলি, হত্যা দুর্নীতিই ছিলো জননীতি।
বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার
স্বীকৃতি, বাংলাদেশের স্বাধীনতার দলীল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭
মার্চ এর ঐতিহাসিক ভাষণকে ওয়াল্ড হেরিটেজ হিসেবে ঘোষণার পর এবার বঙ্গবন্ধুর নামে পুরস্কার
প্রবর্তন করেছে ইউনেস্কো।
সৃজনশীল অর্থনীতি নিয়ে ইউনেস্কো-বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার প্রবর্তন করায় জাতীয় সংসদে ইউনেস্কোর
প্রতি ধন্যবাদ প্রস্তাব আনেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায়
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা উদ্দেশ্য ছিলো বাংলাদেশের বিজয়কে ব্যর্থ করা।
এদেশের তরুণ ও যুবসমাজ মেধা, মননে এগিয়ে যাবে, সৃজনশীল কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিবে
প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে সম্মানিত
করে ইউনেস্কো নিজেও সম্মানিত হয়েছে বলেও মনে করেন সংসদ সদস্যরা।
উল্লেখ্য, গত বছর ইউনেস্কো নির্বাহী পরিষদের
শরৎকালীন ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক
পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। এই প্রথম জাতিসংঘের কোনও অঙ্গ সংস্থা বঙ্গবন্ধুর নামে
আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করলো। ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রভৃতিসহ স্বীয় অধিক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সদস্য রাষ্ট্রগুলোর
আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে। গত বৃহস্পতিবার ফ্রান্সের
প্যারিসে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল
প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকনমি’র প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ
দেন প্রধানমন্ত্রী। উগান্ডার ‘মোটিভ ক্রিয়েশন’ নামে একটি সংগঠন
প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছে।


