দেশে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ২৩৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২৩৪ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হলো।

 

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের সবাই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন একজন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।