এ বছর হচ্ছে না প্রাথমিক স্তরে বার্ষিক পরীক্ষা

এ বছর প্রাথমিক স্তরে কোনো শ্রেণিতে বার্ষিক
পরীক্ষা অনুষ্ঠিত হবে না। গতকাল সোমবার পরীক্ষা বাতিলের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায়
গত ২৬ অক্টোবর এমন সিদ্ধান্ত হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থীরই এ
বছর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না।
তবে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব পদ্ধতিতে
শিক্ষার্থীদের পরের ক্লাসে উত্তীর্ণের জন্য মূল্যায়ন করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি
সূত্রও জানায়, গতবছরের মতো এবারও প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষা হচ্ছে
না। ২০২১ শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন
করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ
দেওয়া হয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
জানিয়েছিল, এবার কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের সমাপনী পরীক্ষা হবে না।
মন্ত্রণালয় জানায়, গতবছর ২০২০ শিক্ষাবর্ষে
যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের
শিক্ষার্থীদেরও মূল্যায়ন করা যেতে পারে।


