৮৪ রানের লজ্জার রেকর্ড গড়ল মাহমুদউল্লাহরা

সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। এমন লক্ষ্য নিয়েই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে টাইগাররা। কিন্তু টস হেরে ব্যাট করতে নেমেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হন টাইগার ব্যাটাররা। প্রোটিয়া বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৮৪ রানে হারিয়েছে সবকটি উইকেট।

 

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৭০ রানের স্কোর পেরোতে পেরেছে বাংলাদেশ, এমন দিনে হয়তো সান্ত্বনা সেটাই।

 

টানা তিন ম্যাচ হারার পর শেষ দুই ম্যাচ ভাবা হচ্ছিল সম্মান রক্ষার ম্যাচ হিসেবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো ইতিহাস গড়ার বার্তা দিয়েছিলেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চোখেমুখেও দেখা গিয়েছিল প্রত্যয়। তবে মাঠের গল্প যেন একই। আর তাই বলাই যায়, প্রতিপক্ষ বদলায়, মাঠ বদলায়, কিন্তু বদলায় না বাংলাদেশের খেলা।

 

বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে নেমে মঙ্গলবার (২ নভেম্বর) যেন উইকেট শিকারের উৎসবে মেতেছিল রাবাদারা। প্রোটিয়া পেসার কেশব মহারাজের ওভার দিয়ে শুরু হয়েছিল টেম্বা বাভুমাদের বোলিং। বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং নাঈম শেখও ধীরলয় ব্যাটিংয়ে টিকে থাকার বার্তা দিয়েছিলেন। কিন্তু কাগিসো রাবাদার ব্যক্তিগত দ্বিতীয় ওভার আর ইনিংসের চতুর্থ ওভারের শেষ দুই বলে টানা দুটি উইকেট হারাল টাইগাররা।

 

রাবাদার প্রথম শিকার নাঈম শেখ। তিনি ফিরেছেন ১১ বলে ৯ রান করে। অন্যদিকে, ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ধারাবাহিকভাবে ব্যর্থ সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তিনি। তবে ভাগ্য ভালো এদিন তিনি বেশি বল খরচ করতে পারেননি। এক বল খেলেই ফিরে গেছেন।

 

এদিকে, মুশফিকও তিন বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন। এরপর হতাশ করেছেন মাহমুদউল্লাহ-আফিফরাও।

 

যেন এমন হওয়ারই কথা ছিল। এনরিক নর্টজের পেস ও বাউন্স সামলাতে পারেননি মাহমুদউল্লাহ। শর্ট অব আ লেংথ থেকে বাউন্স করা বল ছিল মাহমুদউল্লাহর মাথা বরাবর, ব্যাট তুলতে পারেননি। বাংলাদেশ অধিনায়কের গ্লাভস ছুঁয়ে যাওয়ার পর সেটা আঘাত করেছে কাঁধে, এরপর গেছে পয়েন্টে এইডেন মার্করামের হাতে।

 

পরের ওভারের প্রথম বলে ডোয়াইন প্রিটোরিয়াসকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে পুরোপুরি মিস করে গেছেন আফিফ হোসেন। হারিয়েছে স্টাম্প। ২ বলের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে আরও দুই উইকেট।

 

এক প্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে আরেক প্রান্ত আগলে রাখছিলেন লিটন দাস। তবে টি-টোয়েন্টির এক নম্বর বোলারের সামনে তিনিও টিকতে পারলেন না। তাবরেজ শামসির বলে এলবিডব্লিউ হয়ে ৩৬ বলে ২৪ রান করে ফিরে গেছেন।

 

শামসির দ্বিতীয় শিকার বিশ্বকাপে অভিষিক্ত শামীম পাটোয়ারী। ২০ বলে ১১ করে ফিরে গেছেন এই তরুণতুর্কি।

 

৮৪ রানের লজ্জার দিনে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস মেহেদী হাসানের। তবে ২৫ বলে ২৭ করার তিনিও নর্টজের বলে কাটা পড়েছেন। এদিন ক্যাচ, এলবিডব্লিউ এবং বোল্ড আউটের পর বাকি ছিল শুধু রানআউট। সেটাও হয়েছে শেষ পর্যন্ত। তাসকিন রানআউট হয়ে ফিরেছেন।

 

এদিকে, বিশ্বসেরা বোলার রাবাদার প্রিয় প্রতিপক্ষ যেন বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচেও টাইগারদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকে রাঙিয়েছিলেন। এবার বিশ্বমঞ্চেও বলতে গেলে মাহমুদউল্লাহদের কোমড় ভেঙে দিয়েছেন তিনি। এদিন তার ৪ ওভারের স্পেলে ১৪টি ডট দিয়েছেন, ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।