নাঈমের পর শূন্যতে সাজঘরে সৌম্য-মুশফিক

টস জিতে বোলিং নেওয়ার যথার্থতা প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে পেসার কাগিসো রাবাদার জোড়া আঘাতে ফিরেছেন ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। পরের ওভারে মুশফিককেও তুলে নেওয়ায় হতশ্রী অবস্থা বাংলাদেশের। সুপার টুয়েলভে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬ ওভারে ২৮ রান।  

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই হতাশ করেছে বাংলাদেশ। মূল পর্বে কখনো জয়ের দেখা পায়নি তারা। এবারের আসরে ভাগ্য বদলের সুযোগ থাকলেও সফলতা আসেনি। তাতে সেমির স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। যাও টিকে আছে তা জটিল-হিসেব নিকেশের ফাঁদে বন্দি। প্রোটিয়াদের বিপক্ষে তাই জয়ের খোঁজে নামলেও সূচনাটা ছিল হতাশারই।

 

চতুর্থ ওভারে পঞ্চম বলে নাঈমকে হেন্ড্রিকসের ক্যাচ বানান রাবাদা। বামহাতি ওপেনার ফেরেন ৯ রান করে। পরের বলে নতুন নামা সৌম্যকেও সাজঘরে ফেরান প্রায় ইয়র্কার লেন্থের এক বলে। এর ফলে পরের ওভারে হ্যাটট্রিকেরও সুযোগ থাকলেও সেটি হয়নি। তবে দুই বল পর ঠিকই মুশফিকের উইকেটটি তুলে নেন রাবাদা। বাড়তি বাউন্সের বলে পুরোপুরি পরাস্ত হন মুশফিক। গালিতে তার ক্যাচ নেন হ্যান্ড্রিকস। তাতে সৌম্যর পর মুশফিকও ফিরেছেন রানের খাতা না খুলে।