খালেদার চিকিৎসা চলছে বায়োপসির রিপোর্ট অনুযায়ী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। তবে, রিপোর্টের ফলাফল জানাননি তার চিকিৎসক ও বিএনপি নেতারা।

 

রোববার (৩১ অক্টোবর) দুপুরে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য দলটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

 

ডা. জাহিদ বলেন, ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওনার বায়োপসি রিপোর্টও এসেছে। সে অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।

 

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়েছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক।