বিসিএসের প্রিলিসহ ১৩ পরীক্ষা আজ

ঢাকাসহ দেশের আটটি বিভাগে আজ শুক্রবার সকাল ১০টায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিসিএসে চার লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে এই দুই ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১২টা পর্যন্ত। সকাল ৮টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা হলে গিয়ে তার নির্ধারিত আসনে বসবে। ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীকে উত্তরপত্র সরবরাহ করা হবে। ১০টায় উত্তরপত্র বিতরণ শুরুর সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হবে। শেষ হবে বেলা ১২টায়। একইদিনে আরও অন্তত এক ডজন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জনবল নিয়োগে পরীক্ষা নেবে।

 

এদিকে একইদিনে একাধিক পরীক্ষা হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। টাকা দিয়ে আবেদন করে পরীক্ষা দেওয়া হবে না তাই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।