নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (অক্টোবর) সকালে চরাঞ্চলের কাচারিকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কাচারিকান্দি এলাকার মরফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলে। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলি ছুড়তে থাকে। এসময় প্রবাসী শাহ আলম গ্রুপের দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

রায়পুরা সার্কেলের এএসপি সত্যজিৎ ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।