প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ১ অক্টোবর রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর নিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তাঁর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে সাংবাদিকরা এতে অংশ নেবেন।

 

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ৭৬তম ইউনাইটেড ন্যাশনস জেনারেল এসেমব্লি (ইউএনজিএ) ও কয়েকটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন।

 

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন।

 

১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

 

প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তার সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন।

 

২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।