আদালতে বোমা হামলা: একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম আদালত পুলিশের চেকপোস্টে বোমা হামলা মামলায় আসামি জাবেদ ইকবালের যাবজ্জীবন ও পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি জাবেদকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ।

 

তিনি জানান, জাবেদ ইকবাল রায়ের সময় আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আর মৃত্যুদণ্ড পাওয়া জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ভারতের কারাগারে বন্দি।

 

২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।