ঢাবি’র ভর্তিযুদ্ধ শুরু ১ অক্টোবর, ঢাকার বাইরেও পরীক্ষাকেন্দ্র

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
(ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমদিন ‘ক’ইউনিটের ভর্তি
পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। এবছর ঢাবির ভর্তি পরীক্ষায়
প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন। দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় এবারই
প্রথমবারের মতো রাজধানীর বাইরে ৭টি বিভাগীয় শহরেও ভর্তি পরীক্ষা হবে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই প্রথমবারের মতো ঢাকার বাইরে
৭টি বিভাগীয় শহরের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে পরীক্ষাকেন্দ্র।
মূলত করোনা পরিস্থিতিতে সময় ও অর্থ বাঁচাতে
এবং ভোগান্তি লাঘবের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে ভর্তিচ্ছু
শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৪৫জন।
ক ইউনিটের পর খ ইউনিটের ভর্তি পরীক্ষা
হবে ২ অক্টোবর। ‘গ’ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ভর্তি
পরীক্ষা ২৩ অক্টোবর এবং ‘চ’ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান)
৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় সময়সূচি অনুযায়ী এবার পরীক্ষা
শুরু হবে সকাল ১১টা থেকে। প্রতিটি পরীক্ষার সময়কাল দেড় ঘণ্টা। ‘চ’ইউনিট ছাড়া ২টি
অংশে এমসিকিউ ৬০ এবং লিখিত ৪০ নম্বরের পরীক্ষা হবে।


