দীর্ঘ দেড় বছর পর খুলল ঢাবি গ্রন্থাগারের ফটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার খুলল দীর্ঘ দেড় বছর পর।

 

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার পর রোববার সকাল ১০টার দিকে গ্রন্থাগার খুলে দেওয়া হয়।

 

লাইব্রেরি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে পাঁচদিন, অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার গ্রন্থাগার খোলা রাখা হবে।

 

করোনা টিকার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের মূল ফটকে শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব মেনে প্রবেশের জন্য প্রতি তিন ফুট পর বৃত্তাকার চিহ্ন দেওয়া হয়েছে।

 

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গ্রন্থাগারের ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে; দেয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ ও বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হলে স্বাস্থ্যবিধি মেনে দুই শিফটে গ্রন্থাগার ব্যবহারের নির্দেশনাও দেয়া আছে।