রোহিঙ্গাদের ১৮ কোটি মার্কিন ডলার সহায়তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তায়
১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মূলত রাখাইন, বাংলাদেশ
ও এ অঞ্চলের বিভিন্ন জায়গায় আশ্রিত রোহিঙ্গাদের পেছনে এই অর্থ ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের
পক্ষে দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত
করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের
রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয়
নেয় ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১৫০
কোটি ডলারে পৌঁছেছে।
এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নয় লাখ রোহিঙ্গা
ও ক্ষতিগ্রস্ত পৌনে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে ১২০
কোটি ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের
আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে,
তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলা ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের
অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন।
শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক
আচরণ করেছে, তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া, রোহিঙ্গা
শিবিরে করোনা মোকাবিলায় দারুণ দক্ষতা দেখানোয় সংশ্লিষ্ট কর্তৃক্ষগুলোর ভূয়সী প্রশংসা
করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, রোহিঙ্গাদের দুর্দশা দূর করতে আরও সহায়তা প্রয়োজন এবং
তার জন্য অন্যান্য দাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।


