অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ
রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার
সকাল ১০টায় শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী, কক্সবাজার
জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
করেন।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ
ঈসমাইলের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী টেকনাফ উপজেলার শামলাপুরের
বাসিন্দা আবদুল হামিদসহ ৪ জন আজ আদালতে উপস্থিত আছেন।
আদালত সূত্র জানায়, অন্য দিনের মতো বুধবারও
সকাল পৌনে ১০টার দিকে মামলার আসামি সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ১৫ আসামিকে
কারাগার হতে আদালতে আনা হয়। দ্বিতীয় দফার চতুর্থ দিনের জন্য হাফেজ মৌলানা শহিদুল ইসলামের
সাক্ষ্যের হাজিরা দেওয়া হয়। প্রথম দিন ৬ জনের এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে ৩ জনের হাজিরা
দেওয়া হলেও মাত্র একজন করেই সাক্ষ্য ও জেরা সম্পন্ন করা সম্ভব হয়।
শেষদিন হিসেবে বুধবার একজনের হাজিরা দেওয়া
হয়। কিন্তু বেলা আড়াইটার দিকে ষষ্ঠ সাক্ষীর জেরা সম্পন্ন হওয়ায় বাকি দুই সাক্ষীকে আদালতে
হাজির করেন সরকারি কৌঁসুলি। কিন্তু বিচারক আদালত মুলতবি ঘোষণা করায় এ দিন আর সাক্ষ্য
নেওয়া হয়নি।
পিপি ফরিদুল আলম বলেন, আমাদের প্রচেষ্টা
সকল সাক্ষীর সাক্ষ্য ও জেরা দ্রুত সম্পন্ন করার। তবে, আসামি পক্ষের আইনজীবীদের অসহযোগিতার
কারণে সেটা সম্ভব হয়না। তারা সাক্ষীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করেন। আর ১৫
আসামির ১৫ আইনজীবী আলাদাভাবে আধাঘণ্টা করে জেরার সময় নিয়ে সাড়ে সাত ঘণ্টা সময় লাগে।
জবানবন্দি নিতেও সময় লাগে ঘণ্টা দেড়েক। এতে আদালতের কর্মঘণ্টা ৯ ঘণ্টা এবং মধ্যাহ্ন
বিরতিসহ দাঁড়ায় ১০ ঘণ্টা। ফলে, একজনের বেশি সাক্ষ্যে আগানো সম্ভব হয়ে উঠেনি। কিন্তু
বিচারকার্যের ৭ম দিনে স্বল্প সময়ে জবানবন্দি ও জেরা শেষ হওয়ায় তৃতীয় দফার ধার্য দিনেও
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে এভাবে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।
আদালতের সংশ্লিষ্ট আইনজীবী বাপ্পী শর্মা
জানায়, গত ২৩ আগস্ট শুরু হয় মেজর সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণে
আদালতের নির্ধারণ করা প্রথম তিনদিনের প্রথম দিন পুরো ও দ্বিতীয় দিনের অর্ধেক সময় মামলার
বাদী নিহত সিনহার বড় বোন শারমিন ফেরদৌসের সাক্ষ্য ও জেরা হয়। পরে শুরু হয় সিনহার সফরসঙ্গী
ও হত্যার অন্যতম প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য। এ দু’জনের সাক্ষ্য
ও জেরার মধ্য দিয়ে শেষ হয় বিচারকার্যের প্রথম নির্ধারিত তিন দিন। ফলে এ তিনদিনের জন্য
নোটিশ পাওয়া ১৫ সাক্ষীর মধ্যে বাকি ১৩ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি।
২৫ আগস্ট আদালত ৫ থেকে ৮ সেপ্টেম্বর টানা
চারদিন পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন। সেই মতে ৫ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার
দিকে বাকি সাক্ষীদের একজনের সাক্ষ্য শুরু হয়ে সারাদিন তাকেই জেরায় দিন শেষ হয়। দ্বিতীয়
ও তৃতীয় দিনও একইভাবে একজন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়েছে। শেষদিনও একইভাবে একজনের
সাক্ষ্য নেওয়া হয়। এতে সাত দিনে সাক্ষ্য নেওয়া গেছে মাত্র ৬ জনের। মামলায় মোট সাক্ষী
৮৩ জন। সাক্ষ্য ও জেরার সময় ১৫ আসামি কাঠগড়ায় উপস্থিত রাখায় পুরো জেলা জজ আদালত এলাকায়
কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মামলার দ্বিতীয় দফায় তিনদিনব্যাপী সাক্ষ্যগ্রহণ
গত ৮ সেপ্টেম্বর শেষ হয়। সেদিন জেলা ও দায়রা
জজ মোহাম্মদ ঈসমাইল মামলার মোট ১৫ জন আসামীর উপস্থিতিতে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তৃতীয়
দফা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ
মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো.
রাশেদ খান। তার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে পুলিশ গ্রেফতার করে। এরপর সিনহা যেখানে
ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন
রিফাত নুরকে আটক করে। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেফতার করে কারাগারে
পাঠায় পুলিশ। এই দুজন পরে জামিনে মুক্তি পান।
সিনহা হত্যার ঘটনায় মোট চারটি মামলা হয়।
ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এর মধ্যে দুটি মামলা হয় টেকনাফ থানায়,
একটি রামু থানায়। ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার
বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ
৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা
তদন্তের দায়িত্ব পায় র্যাব।
২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার
দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫
কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
অভিযুক্ত আসামিদের মধ্যে পুলিশের ৯ সদস্যরা
হলেন, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, কনস্টেল রুবেল শর্মা,
এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন,
এএসআই লিটন মিয়া ও কনস্টেবল সাগর দেব নাথ।
অপর আসামিরা হলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন
(এপিবিএন) সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ এবং টেকনাফের
বাহারছড়ার মারিষবুনিয়া গ্রামের বাসিন্দা ও পুলিশের করা মামলার সাক্ষী নুরুল আমিন, মো.
নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন। আসামিদের ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তবে ওসি প্রদীপ, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দেননি। এর আগে আসামিদের তিন দফায় ১২ থেকে ১৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল।


