আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি
হওয়ায় চার মাস পর আবারও মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে
জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে আজ রাতেই দ্বিতীয়পর্বের প্রথম
ম্যাচে মাঠে নামছে দুই হেভিওয়েট দল চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ানস।
তবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চোখ অন্য
দুটি দলের দিকে-কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আর রাজস্থান রয়্যালস। কেকেআরে খেলছেন
টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, রাজস্থানে মোস্তাফিজুর রহমান।
সাকিবের দল মাঠে নামছে কালই (সোমবার)।
প্রতিপক্ষ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোয়ারেন্টাইনপর্ব শেষ করে
সাকিব অনুশীলনেও নেমে পড়েছেন। তারকা অলরাউন্ডারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত কেকেআর তার প্রথম
দিনের অনুশীলন নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেছে ফেসবুক পেজে।
দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে
সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাকিব।
সাকিব বলেন, ‘মাত্র দিনকয়েক
পরই আমাদেরই প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।
সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করছি, কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও খুব
ভালো করবে।’


