জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন, চার আনসার সদস্য বহিষ্কার

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে আশুলিয়া পুলিশ ও জাবি প্রক্টরের আশ্বাসে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

 

এদিকে, জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ আনসার সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। তারা হলেন, ওমর ফারুক, সারোয়ার, রমজান ও নজরুল।

 

ঢাকা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আফজাল হোসেন বলেন, 'এই ৪ জন আনসার সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তারা যাতে কোথাও কাজ না করতে পারেন, সেজন্য তাদের কালো তালিকায় রাখা হয়েছে।'

 

গতকাল সোমবার বিকেলে জাবির প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূর হোসেনকে (২২) মারধর করেন জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যরা।

 

আহত নূর হোসেন বলেন, 'গতকাল বিকেলে আমার ২ ভাগিনাসহ স্মৃতিসৌধ ঘুরতে যাই। সেখানে অনেককে অর্থের বিনিময়ে প্রবেশ করতে দিচ্ছিল দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে রুমে নিয়ে বন্দি করে রাখেন। পরে ৭-৮ জন আনসার সদস্য আমাকে মারধর করেন। তারা আমার মাথায়ও আঘাত করেন।'