ভারতের উপহার ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফসাপোর্ট সমন্বিত আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে।

 

ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে পৌঁছায়।

 

এর আগে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বুধবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

 

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানিয়েছেন, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে আজ সকালে ৪০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাসে পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।

 

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০ ও আজ ২৬ আগস্ট ৪০ টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো মোট ৭১ টি অ্যাম্বুলেন্স। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।