টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, প্রথম দিনই খেলবে বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি
বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। শুরুর দিনেই বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের
বিপক্ষে।
প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯
অক্টোবর ওমানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া
নিউগিনি।
প্রথমপর্বে দুটি গ্রুপ রয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা,
আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে
তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ১৭
অক্টোবর মাসকটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান আর পাপুয়া নিউগিনি। একইদিনে একই ভেন্যুতে
পরের ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
দ্বিতীয়পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের
বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াবে ২৪ অক্টোবর দুবাইয়ে। ৮ নভেম্বর প্রথমপর্বের গ্রুপ
১ রানারআপ দলের খেলতে হবে ভারতের বিপক্ষে।
টুর্নামেন্টের নকআউটে তিনটি ম্যাচই আয়োজন
করবে দুবাই। ১০ এবং ১১ নভেম্বর সেমিফাইনাল। ফাইনাল ১৪ নভেম্বর একই ভেন্যুতে।


