চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের
সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে
জানা গেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার পর এ সংঘর্ষ
শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে
টিয়ারশেল ছুড়ে পুলিশ।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির
নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর
কর্মসূচি ছিল।
অপরদিকে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ঘটনাস্থল
থেকে সংবাদমাধ্যমকে বলেন, আমরা যথাযথ অনুমতি নিয়ে এখানে এসেছি।
এসময় তাকে নেতাকর্মীদের পুলিশের উপর আক্রমণাত্মক
আচরণ না করতে অনুরোধ করতে দেখা যায়। কিন্তু তার কথা সবাই শোনেননি।
জানা গেছে, বিএনপির ঢাকা মহানগর উত্তর
ও দক্ষিণ সিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নেতারা জিয়াউর রহমানের মাজারে
ফুল দিতে এলে হট্টগোলের ঘটনা ঘটে।
নিজেকে পুলিশের গুলিতে আহত দাবি করে সাবেক
ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মীকে
জিয়ার কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি।
আমি নিজেও পুলিশের গুলিতে আহত হয়েছি।
আমান উল্লাহ আমান বলেন, আমাদের পূর্ব ঘোষিত
কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির
পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর
হামলা করেছে। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির
সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।


