আবারও পেছাল ৪২তম বিসিএসের ভাইভা

চিকিৎসক নিয়োগে ৪২ তম বিসিএসের (বিশেষ) স্থগিত ভাইভা আরও পিছিয়েছে। আগামী
১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই ভাইবা।
আজ মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ।
তিনি জানান, আগামী ১২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত
হবে। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির
কারণে একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার
শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুদিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।
করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ)
ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হওয়ার কথা ছিল।
১৩ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ
গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন
১২ আগস্ট করা হলো।
উল্লেখ্য, দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
দেয় পিএসসি।


