চার দিনের রিমান্ড শেষে আদালতে পরীমনি-রাজ

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায়
চার দিনের রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম
রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে
তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজত খানায়
রাখা হয়।
এদিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে করা
মামলায় ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত
বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। এছাড়াও বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা
মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ এ মামলার রিমান্ড শুনানি
হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এদিকে সোমবার (৯ আগস্ট) আওয়ামী লীগের
উপ-কমিটি থেকে বহিষ্কারের পর গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর এবং চিত্রনায়িকা পরীমনি ও
প্রযোজক নজরুল ইসলাম রাজসহ সাতজনের বিরুদ্ধে করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে
পুলিশ সদরদফতরে চিঠি দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের
পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি র্যাবের অভিযানে গ্রেফতার হেলেনা
জাহাঙ্গীর, শরফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, চিত্রনায়িকা পরীমনি
ও তার ম্যানেজার সবুজসহ গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজ, পরীমনির কথিত মামা ও সহযোগী
আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদরদফতরে
চিঠি দেয়া হয়েছে।
পুলিশ সদরদফতরের অনুমতি মিললে মামলাগুলো
র্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করবে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনি ও
রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য
তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার
পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের
চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির
বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ ওয়াইন, ভয়ংকর মাদক আইস,
এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।
এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা
নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র্যাব। পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের
ভিত্তিতে পাওয়া তথ্যে র্যাব ওই অভিযানে যায় বলে জানায়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে
রাজকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র্যাব সদস্যরা।
রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র্যাব।এ ঘটনায়
রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুইটি মামলা করে র্যাব।
পরদিন সন্ধ্যার দিকে শামসুন্নাহার স্মৃতি
ওরফে পরীমনি ও আশরাফুল ইসলাম ওরফে দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-
এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় একটি মামলা দায়ের
করা হয়।
এদিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী
হেলেনা জাহাঙ্গীর ও আলোচিত নায়িকা পরীমনিসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলা তদন্ত
করতে চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৯ আগস্ট) এলিট ফোর্সের পক্ষ থেকে
পুলিশ সদর দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া
উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাকি ৬ জন হলেন- পরীমনির ম্যানেজার সবুজ,
প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, ফারিয়া মাহবুব পিয়াসা, শরফুল হাসান
ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম ওরফে জিসান।
এর আগে মামলা ডিবিতে থাকলেও সেই মামলা
ও আসামিদের পুলিশ সদর দপ্তরের চিঠির প্রেক্ষিতে সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে
সিআইডির হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


