ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জন হাসপাতালে

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত
১৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে এটি
একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
এর আগে, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৩
জন হাসপাতালে ভর্তি হয়েছিল।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ
বছর মোট দুই হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা
মাত্র ৫৪ জন।
মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত
হয় এক হাজার ৭২৬ জন। গত জুন মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত
রোগী ছিল ৪৩ জন।
তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা
শেষে বাড়ি ফিরে গেছেন। ৫৬৮ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১১ জন ঢাকার বাইরে
চিকিৎসাধীন আছেন।


