পাহাড় ধসে মৃত্যু ৫, আহত ৫ জন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে পাহাড়
ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত (২৭ জুলাই) রাত দুইটার দিকে
ওই ইউনিয়নের পানখালী ভিলেজারপাড়ায় এ ঘটনা ঘটে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান
রাশেদ মাহমুদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের
পাহাড়ি গ্রাম ভিলেজার পাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে শুক্কুর, জুবাইর, আবদুর রহিম,
মেয়ে কহিনুর ও জাইনবা।
চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, 'অতিবৃষ্টির
কারণে পানখালীর ভিলেজার পাড়ায় পাহাড়ধস হলে স্থানীয় বাসিন্দা সৈয়দ আলমের ৫ সন্তান মাটির
নিচে চাপা পড়ে। সেখান থেকে প্রথমে ২ জন ও পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আরো
২ জন গুরুতর আহত হয়েছে।'
এর আগে মঙ্গলবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা
ক্যাম্প এলাকায় পাহাড়ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু হয়। ওই ঘটনায় মাটি চাপায় আহত হয় আরো ৫
জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়াও মহেশখালী উপজেলার ছোট মহেশখালী
ইউনিয়নের উত্তর সিপাহী পাড়ায় আনসারুল করিমের মেয়ে মুর্শিদা আক্তার (১৪) এবং টেকনাফের
হোয়াইক্যং ১নং ওয়ার্ডের বাসিন্দা রকিম আলী (৫০) নামের বৃদ্ধ পাহাড় ধসে নিহত হন।


