জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৮ জুলাই

প্রাণঘাতি করোনার ভয়াবহ সংক্রমণের কারণে
স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি
পরীক্ষার আবেদন কার্যক্রম ২৮ জুলাই থেকে শুরু হবে। চলবে ১৪ আগস্ট পর্যন্ত। আর ভর্তি
হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী ২৮ জুলাই
বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন ফের শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই
আবেদন চলবে আগামী ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
ভর্তিচ্ছুক প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটে আবেদন পূরণ করে ২৫০ টাকা ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে। আগামী
১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে
বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও
কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।
গত ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১
শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল
শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি অবনতি
হওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর ৭ জুন বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম
বর্ষ ভর্তি কমিটির সভায় স্থাতক প্রথম বর্ষের আবেদনের কার্যক্রম স্থগিত করা হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।


