বাসা-বাড়ি ত্যাগের আগে একাধিক তালা ব্যবহার করুন: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের লাখ লাখ বাড়িঘর পাহারা দেয়া পুলিশের পক্ষে অসম্ভব একটি ব্যাপার। সেক্ষেত্রে যার সম্পদ তাকেই প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে।

শফিকুল ইসলাম রাজধানীবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, প্রতিষ্ঠান, বিপণী বিতান ও আবাসনে সিসিটিভি স্থাপন করুন। সিসিটিভিসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করুন। বাসা-বাড়ি ত্যাগের আগে কক্ষের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যে সমস্ত দরজা জানালা দুর্বল অবস্থায় আছে তা মেরামতের মাধ্যমে সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন। মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোন দুষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঈদ কেন্দ্রিক নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, বিশেষ করে বাড়িঘর ছাড়ার সময় নিরাপত্তাপ্রহরী ও প্রতিবেশীকে বিষয়টি বলা যেতে পারে। এছাড়া ঢাকায় যেসব আত্মীয়স্বজন অবস্থান করবেন তাদের কাছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ সম্পদ রাখা যেতে পারে।

ডিএমপির কমিশনার বলেন, নিজস্ব প্রতিষ্ঠান, আবাসন, এ্যাপার্টমেন্ট, বিপণী বিতানগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে।

এ সময় তিনি ঢাকা মহানগরের বাসিন্দাদের মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহা উদযাপন করার অনুরোধ জানান।