ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে
ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সোমবার (১৯ জুলাই) সকাল থেকেই এই ভিড় শুরু হয়। এছাড়া পাটুরিয়া-ঢাকা
মহাসড়কের চরের ডাঙ্গা এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজট রয়েছে। এতে যাত্রীদের
ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।
আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে লঞ্চ
ও ফেরিতে। স্বাস্থ্যবিধি অমান্য করে গাদাগাদি করে যাত্রীরা লঞ্চ ও ফেরিতে উঠছেন।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নদীতে
প্রচণ্ড স্রোতে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি স্বল্পতা এবং
যানবাহন বৃদ্ধির কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর
রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি স্বল্পতা ও নদীতে প্রচণ্ড
স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ও আরিচা কাজীরহাট নৌরুটে মাত্র ৩টি ফেরি দিয়ে যানবাহন
পারাপার করায় ঘাট এলাকায় এ যানজট দেখা দিয়েছে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, আসন্ন
ঈদ উপলক্ষে ঘাট এলাকা দিয়ে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে গৌন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে
প্রায় ৬ শতাধিক পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে। যাত্রীদের
মাস্ক বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা
বলেন, লঞ্চে সামাজিক দূরত্ব ও দুই সিটে একজন এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপার
করতে বলা হয়েছে। কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি অমান্য করে গাদাগাদি করে যাত্রী পারাপার
করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


