‌কেউ যেন ভ্যাকসিন থে‌কে বাদ না যায় সেই পদ‌ক্ষেপ নিয়ে‌ছি: প্রধানমন্ত্রী

তি‌নি ব‌লেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। 

 

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‌তি‌নি এসব কথা ব‌লেন। অনুষ্ঠা‌নে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য‌মে যুক্ত হন।

 

সরকারপ্রধান ব‌লেন, আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব।

 

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকারপ্রধান। তি‌নি বলেন, করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।

 

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাদের দেশে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, শুদ্ধাচারের একটি ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতিটি ক্ষেত্রে যে জবাবদিহিতা থাকা উচিত এবং কোন অবস্থায় কী করণীয় এই শুদ্ধাচার নীতিমালার মধ্যে তার প্রত্যেকটি কথাই বলে দেয়া হয়েছে।

 

তি‌নি ব‌লেন, এর সুফল দেশের কল্যাণে আসবে, দেশের জনগণ এর সুফল পাবে সে চেষ্টাই আমরা চালিয়েছি।

 

অনুষ্ঠা‌নে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, গ্রেপ্তারের পরদিনই আমার সম্পদের হিসাব চাওয়া হয়। এরপর একের পর এক মামলা। বিএনপির সময় মামলা দিয়েছিল ১২টা, তত্ত্বাবধায়ক দিল আরও ৫টা। এমন পরিস্থিতি তৈরি করেছিল যে, কোনো দিনই আর আওয়ামী লীগকে ক্ষমতায় আর আসতে দেবে না। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল।