পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে কঠোর
স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ শনিবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গত বছরের
মতোই এবারও শুধু সৌদি নাগরিক এবং সে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষ ইসলামের অন্যতম
স্তম্ভ হজ পালনের সুযোগ পাচ্ছেন।
সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত
পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। তারা ওমরাহ পালন করবেন। পরদিন ৮ জিলহজ মিনার
উদ্দেশ্যে রওয়ানা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম।
আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র
হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম। করোনা মহামারির মধ্যে
এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা।
বাইরের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা
১৫০টি দেশের নাগরিকসহ অংশ নিচ্ছেন ৬০ হাজার মানুষ। এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।
প্রবাসীরা বলেন, বাংলাদেশি অনেক ভাই এ বছর হজ করার সুযোগ পেয়েছেন। আমাদের হজের উছিলায়
যাতে পৃথিবী করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পায়। দোয়া করি পরম করুণাময় আল্লাহ এ বছর
হজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এদিকে, মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায়
চলাচলে হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩ হাজার বাস। এর সঙ্গে থাকছে তাৎক্ষণিক সেবা
প্রদানের জন্য ৫১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫৯৪ চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন আরও
৩০০ স্বাস্থ্যকর্মী।
এবারই প্রথম সৌদি সরকার মুসল্লিদের জন্য
হজ অনুমতিপত্র তাছরিহ্ এর সঙ্গে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। হাজিদের নিরাপত্তার
স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্বাচিত মুসল্লিদের দেওয়া হয়েছে ছবিসহ এই স্মার্ট
কার্ড।
তবে করোনার কারণে সময় সংক্ষিপ্ত করা হবে।
সেই সঙ্গে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।
শর্তগুলো হচ্ছে-
১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে
হতে হবে।
২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের
অধিকারী হতে হবে।
৩. হজ পালনকারীদের প্রমাণপত্রসহ নিশ্চিত
করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে থাকতে হয়নি।
৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনাভাইরাসের
টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে।
৫. গৃহীত টিকা অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য
মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত হতে হবে।
৬. হজে আসার সঙ্গে সঙ্গে বিদেশিদের ৩ দিন
কোয়ারেন্টিন বাধ্যতামূলক।
৭. টিকার প্রথম ডোজটি অবশ্যই ঈদুল ফিতরের
আগে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।
৮. সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত
করাসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।
হাজিদের উদ্দেশে আরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার
ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে এসব নিয়ম মেনে চলতে হবে হাজিদের।
উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই রীতি অনুযায়ী প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়া হয়।


